রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ওই দোকানে বসে কয়েকজন ভোটারকে টাকা দিচ্ছিলেন মো. হাবিব। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্য-প্রমাণ যাচাই করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানান।





