বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট হলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, “অন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”
তিনি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, “এখন হঠাৎ কিছু রাজনৈতিক দল অনেক কথা বলছে। পিআর পদ্ধতি কি সাধারণ মানুষ বা গ্রামের মানুষ জানে? এ ধরনের পদ্ধতি কখনো ব্যবহার করা হয়নি এবং জনগণও এটা চায় না।”
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ।





