প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন। দেশের জন্য কিছু করার এটিই শেষ সময় বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, \"আমার বয়স এখন ৭৩ বছর। আমার ব্যক্তিগত চাওয়ার কিছু নেই। দেশের জন্য একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। এই নির্বাচনকে আমি জীবনের শেষ দায়িত্ব ও শেষ সুযোগ হিসেবে নিয়েছি।\"
তিনি আরও বলেন, \"সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আমাদের কমিশনের প্রতিশ্রুতি অটল। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।\"
ভোটারদের অংশগ্রহণ বাড়ছে উল্লেখ করে তিনি জানান, সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ভোটারদের আগ্রহ বেড়েছে। নারী-পুরুষ ভোটারের সংখ্যার ব্যবধান পূর্বের ৩০ লাখ থেকে অনেকটাই কমে এসেছে।
প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে বলে জানান তিনি। এতে হাইব্রিড এবং আইটি-সমর্থিত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
বর্তমান প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, “এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন বড় ধরনের হুমকি। এ সময়টায় আমরা এক কঠিন ও স্পর্শকাতর দায়িত্ব নিয়েছি। তাই সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।”
সংলাপে আরও উপস্থিত ছিলেন— ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, মো. নূরুজ্জামান তালুকদার, মো. শাহেদুন্নবী চৌধুরী, মিহির সরওয়ার মোর্শেদ, মিছবাহ উদ্দিন, মীর মো. শাহজাহান, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম ও মাহফুজা আক্তার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান।





