সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণে সেনাবাহিনী অবিরত কাজ করবে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ জন সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেওয়া হয়।