বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করবেন। ৩০ নভেম্বর জারি করা পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণভাবে আলাদা হওয়ার পর এটি প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, আপাতত প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যের “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” এবং একটি পদ সৃজন কমিটি গঠন করেছেন। সচিবালয়ের জন্য ৪৮৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
৩০ নভেম্বর সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালগুলোর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার সংশ্লিষ্টদের মতে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার বিভাগ দ্বৈত শাসন থেকে মুক্ত হলো।





