সুন্দরবনে অসুস্থ শরীর নিয়ে মাছ ধরতে গিয়ে মোশারেফ হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের আ: হাকিম হাওলাদারের ছেলে। একই নৌকায় ছিলেন তার বড় ভাই আলী হোসেন হাওলাদার।

সোনাতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (বিভিআরটি) দলনেতা মো: জাকারিয়া হোসাইন জানান, মোশারেফ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তবুও জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে যান। বিকেলের দিকে শীতের তীব্রতা বেড়ে অসুস্থতা আরও বাড়লে নৌকাতেই তার মৃত্যু হয়।

মৃত জেলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। একই দিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের কর্মকর্তা মো: খলিলুর রহমান জানান, শীতজনিত কারণেই জেলের মৃত্যু হওয়া বলে ধারণা করা হচ্ছে।