সুন্দরবনে অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে Bangladesh Coast Guard। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সকালে কোস্টগার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।


অভিযান চলাকালে বাহিনীটির সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা।


পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।


কোস্টগার্ড জানায়, ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ডাকাত দলের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন।


উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।