সুন্দরবনে অভিযান চালিয়ে দয়াল বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৬)। তিনি শ্যামনগর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১০ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে দাকোপ উপজেলার শিবসা নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় সেখান থেকে আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাকাতোলা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহের কাজে জড়িত ছিলেন।
আটক ব্যক্তি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





