ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা সামনে রেখে সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার দিরাই–শাল্লার সরমঙ্গল প্রাঙ্গণে ব্যতিক্রমী ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।


অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা ইশতেহার ঘোষণার তাৎপর্য আরও বাড়িয়েছে। শিশির মনির বলেন, “দিরাই–শাল্লাবাসী কথায় নয়, কাজে বিশ্বাসী। সেই দর্শনকে সামনে রেখেই এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।”


তিনি আরও বলেন, সমাজে বিভাজন নয়—বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা তাঁর রাজনীতির মূল লক্ষ্য। কোনো ধরনের সাম্প্রদায়িক বা বিভাজনমূলক রাজনীতি তিনি প্রত্যাখ্যান করেন।


অনুষ্ঠানে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের যোদ্ধা, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষের উপস্থিতি ছিল।


শিশির মনির বলেন, “কিছু মানুষ ঐক্যের বিপক্ষে কাজ করে সমাজে বিভাজন তৈরি করতে চায়। আবার কেউ সাম্প্রদায়িক ইস্যু তুলে সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা এসব রাজনীতি বিশ্বাস করি না। আমাদের লক্ষ্য দিরাই–শাল্লাকে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের অনন্য উদাহরণ হিসেবে গড়ে তোলা।”


তিনি আরও জানান, সবাইকে সঙ্গে নিয়ে দিরাই–শাল্লাকে একটি আধুনিক, উন্নত ও মানবিক জনপদে রূপান্তর করা তাঁর মূল লক্ষ্য।


ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষকের কল্যাণ, পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ।


শিশির মনির আরও জানান, নির্বাচনী ইশতেহারের সঙ্গে তিনি প্রায় ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও হাতে রেখেছেন। এতে দিরাই–শাল্লার বিভিন্ন এলাকায় কোন ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।