সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারণার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ হামলা হয়।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো নির্বাচনি প্রচারণা শেষ করে শিশির মনিরের গাড়িটি রাতে তাড়ল এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা গাড়িটিতে অতর্কিত ভাঙচুর চালায়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় জামায়াত প্রার্থী শিশির মনিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।