সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। জীবিত আছেন মাত্র একজন।

৩১ আগস্ট, সুদানের মারারা পর্বতমালায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (SLM)। সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটে। নিহতদের সবাই মারারা অঞ্চলের একটি গ্রামে বসবাস করতেন।

সুদান লিবারেশন মুভমেন্টের নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর এক বিবৃতিতে জানান, \"ভূমিধসে গ্রামটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, একজন ছাড়া কেউই বেঁচে নেই। পুরো গ্রাম যেন মাটির নিচে তলিয়ে গেছে।\"

সংগঠনটি জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন। এলাকাটিতে বর্তমানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

উল্লেখ্য, মারারা পর্বতমালার এই গ্রামটি উত্তর দারফুর অঞ্চলে অবস্থিত। দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান সংঘাত থেকে পালিয়ে বহু মানুষ এই অঞ্চলে আশ্রয় নিয়েছিল।

সুদানে গত দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং দেশটির অর্ধেকেরও বেশি জনগণ চরম খাদ্য সংকটে রয়েছে। সংঘাত কবলিত উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির এখনো নিয়মিত হামলার মুখে পড়ছে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিপর্যয়কে \"সম্পূর্ণ মানবিক দুর্যোগ\" হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: রয়টার্স