সুদের হার কমানো কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়; এতে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুদের হার কমানোকে অনেক সময় সহজ সমাধান হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তবে একদিকে সুদ কমালে অন্যদিকে অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে।


শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ট্রেজারি বিল, ব্যাংকিং খাত ও বাজার ব্যবস্থার মধ্যে সমন্বয় ছাড়া সুদের হার কমানো হলে এর নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে।


অর্থ উপদেষ্টা জানান, ট্রেজারি বিলের সুদহার ইতোমধ্যে কমেছে এবং এর প্রভাব ধীরে ধীরে বাজারে প্রতিফলিত হবে। তবে ট্রেজারি বিল বা সঞ্চয়পত্রের সুদ বাড়ানো হলে ব্যাংকে আমানত প্রবাহ কমে যেতে পারে, যা ব্যাংকিং ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ।


তিনি বলেন, ব্যাংক খাতের প্রধান কাজ হলো সঞ্চয় ও ঋণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এই কাঠামো দুর্বল হলে পুরো অর্থনৈতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।


ব্যাংকিং অ্যালমানাক সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি বিনিয়োগের সরাসরি নির্দেশনা না দিলেও ব্যাংক খাত বিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার। এতে পেইড-আপ ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, ক্যাপিটাল রেশিও, প্রভিশনিং, রিটেইন্ড আর্নিংস এবং ক্রেডিট-ডিপোজিট রেশিওসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করা হয়েছে।


তিনি আরও জানান, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অব্যাহত রাখা প্রশংসনীয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় খাতটি সংকটের মধ্যে ছিল। তবে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কিছু ব্যাংকের প্রভিশনিং ও ঋণ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যা ব্যাংকিং অ্যালমানাকে প্রতিফলিত হয়েছে।


মুদ্রাস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, শুধু মুদ্রানীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরবরাহ ব্যবস্থাপনা, বাজার তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ের সহযোগিতা ছাড়া টেকসই সমাধান আসবে না।


এ সময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন না করে ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন। সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।