বাংলাদেশের সীমান্তে মাদক প্রবাহের প্রসঙ্গ টেনে বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, সীমান্তের দুই প্রতিবেশী দেশ থেকে ফেনসিডিল ও ইয়াবা আসে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় ফিরিয়ে আনতে অভিভাবক ও সমাজের সবার সহযোগিতা জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, তরুণদের ভালো পরামর্শ শুনে নিজেদের জীবনে পরিবর্তন আনা উচিত। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং বিসিবি তরুণদের পাশে আছে।

এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান জানান, দেশের দুই পাশের সীমান্ত দিয়ে মাদক ঢোকে। তিনি বলেন, “এক প্রান্ত থেকে ফেনসিডিল আসে, অন্য প্রান্ত থেকে ইয়াবা। আরও যদি কিছু দেশের সীমান্ত থাকত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।”

সম্মেলনে তিনি খেলাধুলাকে তরুণদের মানসিক উন্নয়ন ও সুস্থ জীবনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার ভূমিকা বাড়ানোর আহ্বান জানান।

নারী খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় সমস্ত সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান, জিডির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, আম্পায়ার শাকির এবং জেলা কোচ রোকুনজ্জামান রাহাতসহ অনেকে। তারা খেলোয়াড়দের শৃঙ্খলা, দক্ষতা ও মানসিক শক্তি বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেন এবং ব্যবহারিক প্রশিক্ষণ নেন।

এর আগে আসিফ আকবর স্টেডিয়ামের অবকাঠামো পরিদর্শন করেন।