২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক গ্রেপ্তার হয়েছে ভারত–বাংলাদেশ সীমান্তে—২১ হাজারেরও বেশি। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। খবর এনডিটিভির।

লোকসভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অনুপ্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে ভারত–বাংলাদেশ সীমান্তে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্ত। তবে ২০১৪ সাল থেকে ভারত–চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই চারটি সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত একই সীমান্তগুলোতে আরও ৩ হাজার ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত–বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছেন। এ সময় ভারত–মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত–পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত–নেপাল–ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।