জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর উস্কানিমূলক অবস্থানের কারণে রোববার সকাল থেকে সীমান্ত এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এলাকাটি ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯-এর নিকটবর্তী, যা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে বলে দাবি বিজিবির।
ঘটনাটি জানতে পেরে সীমান্তবর্তী গ্রামবাসীরা দ্রুত জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কয়া ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধা দেন। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও কোনো সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেনি। বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে এলাকা ত্যাগ করে।
ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রোববার সকাল থেকে আবারও বিএসএফের তৎপরতা সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিজিবি টহল জোরদার করে কৌশলগত অবস্থান নেয়।
উল্লেখযোগ্য যে, এর আগেও একই এলাকায় অন্তত দুই দফা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ, যা প্রতিবারই বিজিবির বাধায় ভেস্তে যায়।
এদিকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তার শঙ্কায় অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয় এক বাসিন্দা বলেন,
“হঠাৎ কিছু হয়ে গেলে পরিবার নিয়ে কোথায় যাব—এই ভয়টাই সবচেয়ে বেশি।”
বিজিবি সূত্র জানায়, সীমান্তে শান্তি বজায় রাখতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।





