আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কক্সবাজার পরিদর্শন শেষে সোমবার (২৬ জানুয়ারি) রাতে স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, আনসার ও ভিডিপি, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রাখার পাশাপাশি সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় এসটিএক্স (STX) অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), বিশেষায়িত কেএন-৯ (K-9) ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ছাড়া রোহিঙ্গা উপস্থিতিজনিত সম্ভাব্য ঝুঁকিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে।

পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন অব্যাহত রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ।