রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জিগাতলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার নেসক্যাফের ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. আলফাছ সানি অপু (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮)।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন জিগাতলা নেসক্যাফের ভেতরে কয়েক জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল।

সে সময়ে একই কলেজের প্রথম বর্ষের (জুনিয়র) ১০/১৫ জন ছাত্র মিলে ভুক্তভাগীদেরকে অতর্কিত আক্রমণ করে আহত করেন। 
পরে অন্যান্য সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।