নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সিফাত নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান জানিয়েছেন, অভিযানকালে তেলটি অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সিফাতকে দুই মাসের কারাদণ্ডের পাশাপাশি ৬ হাজার টাকা জরিমানাও করা হয়।

তবে রাত ১০টায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ থাকার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে।