আদালতের আদেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই আদেশ এখনো বাস্তবায়ন করা হয়নি।
এই আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন।





