ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর উত্তরাঞ্চলের শীতার্ত ও দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ডিএনসিসি সূত্র জানায়, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. কামরুজ্জামান একটি অফিস আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, প্রশাসকের নির্দেশনায় ‘আরএফকিউ’ পদ্ধতিতে এবং নির্ধারিত ছক অনুসারে কম্বল ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে ৪ হাজার ৪০০টি কম্বল কেনার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্র আরও জানায়, মোট ৫ হাজার ৪০০ পিস কম্বল বিতরণ করা হবে। এর মধ্যে অঞ্চলভিত্তিক বণ্টন নিম্নরূপ:
অঞ্চল ১: ২০০টি, অঞ্চল ২: ৮০০টি, অঞ্চল ৩: ১,০০০টি, অঞ্চল ৪: ৭০০টি, অঞ্চল ৫: ৯০০টি, অঞ্চল ৬ ও ৭: ৪০০টি করে, অঞ্চল ৮ ও ৯: ৩০০টি করে, অঞ্চল ১০: ৪০০টি।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তালিকা অনুযায়ী কম্বল বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।





