ঠিক দশ বছর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনও প্রশ্ন ওঠে। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।
তিনি ওই সময় ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন করে বলেন, “জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।”
গত সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অনেকে এই বক্তব্য নতুন করে স্মরণ করেছেন। টানা প্রায় দেড় দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর পূর্বাভাস বাস্তবে রূপ নিয়েছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়েছে।
ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৫ সালের ২২ নভেম্বর, রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।





