মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের জলাশয়গুলো রক্ষায় সরকার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে মানুষের আমিষের চাহিদা পূরণেও অবদান রাখবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার স্লোগান হচ্ছে— “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের মৎস্যজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মৎস্যজীবীদের উদ্দেশে ফরিদা আখতার বলেন, আপনারা কষ্ট করে মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।
র্যালি শেষে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, এই মেলার মাধ্যমে মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।





