সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও স্থগিত রাখা হবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। তখন তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না আসায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা। এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়।
বুধবার রাত ১১টায় সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে বিক্রি আবার শুরু হবে, না হলে বন্ধই থাকবে।





