নিশ্চিত  নিরাপত্তা ও একযোগে আন্দোলনের ঘোষণা দিয়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে আজ মহাসমাবেশের ডাক দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। এই জোট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে।

\r\n

শনিবার রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, ছয় দফা দাবি আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই একযোগে এই মহাসমাবেশের আয়োজন।

\r\n

আন্দোলনের মুখপাত্র ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক। তা হলে আমরা রাজপথ ছেড়ে দিতে প্রস্তুত। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, বিচার এবং চিকিৎসা নিশ্চিত করাও আমাদের অন্যতম দাবি। আমরা আলোচনায় বসতে আগ্রহী।”

\r\n

আরেক শিক্ষার্থী, মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষা খাতে বছরের পর বছর ধরে বৈষম্য চলছে। আমরা চাই সরকার দ্রুত এই বৈষম্যের অবসান ঘটাক।”

\r\n

শনিবার দুপুর ১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এরপর ফটকে লাল কাপড় টাঙিয়ে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

\r\n

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা অটল। তারা কুমিল্লার ঘটনায় দোষীদের শাস্তি ও সরকারের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানান।