দেশের সার চাহিদা পূরণে সৌদি আরব, কানাডা ও চীন থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১,৮৪৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪০তম সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ১৫৯ কোটি ৯৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৪৩৫ মার্কিন ডলার।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে মোট ১,১২৯ কোটি ১৪ লাখ টাকায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ লট) আমদানি করবে। প্রতি মেট্রিক টনের দাম ৭৬৮.৭৫ ডলার।

এ ছাড়া সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ৩৮৩ কোটি ৮৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮৪ ডলার।

অন্যদিকে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬.২৫ ডলার।