ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা ইউটার্নের পাশে পার্কিং অবস্থায় থাকা বাসটির পেছনের অংশ পুড়ে যায়। বাসের চালক লাফিয়ে বের হয়ে প্রাণে বেঁচে যান।
চালক সেলিম মিয়া জানান, বাসটি মেট্রো নামের একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহার করা হয়। রাতে শ্রমিকদের নামিয়ে তিনি বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তিনি দ্রুত লাফিয়ে নামেন।
ঘটনার পর সাভার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ওসি সালেহ আহমেদ বলেন, আগুন বাসের পেছন থেকে ছড়িয়ে পড়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।





