র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের পর দুদকের আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন হারুন অর রশীদের স্ত্রী ফাতেহা পারভীন লুনা ও তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া এবং নুসরাত যারীন আর্দিতা।
এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার মো. হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।
দুদক জানায়, বিশ্বাসযোগ্য সূত্রে তথ্য পাওয়া গেছে যে হারুন ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক এবং যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছেন।





