ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের পক্ষে ভোট চেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। একই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষে অবস্থানরত বলেও দাবি করেছেন তিনি। শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি একটি ফেসবুক পোস্টে প্রকাশ করেন।
ইলিয়াস পোস্টে লিখেছেন, “ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন। আমি আগে একটি পোস্টে জানিয়েছিলাম—সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের।”
তিনি আরও উল্লেখ করেছেন, “১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুইভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করতে হয়েছে আওয়ামী লীগ ও ভারতকে। স্বাধীনতার পরও পাকিস্তানি ট্যাগ ব্যবহার করে ভারত আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে এবং বাংলাদেশের সম্পদ লুট করেছে। বাংলাদেশি হিসেবে আমরা চাই না, দেশ আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক। তবে পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস; যারা ব্যবহার করবে, তাদেরই আমরা ভারতীয় দালাল মনে করব। তাই পাকিস্তানপন্থা থাকা আমার কাছে কোনো সমস্যা নয়।”
নিজেকে পাকিস্তানের পক্ষে অবস্থানরত হিসেবে ইলিয়াস লিখেছেন, “৭১ সালে জন্মলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, এবং এখনও ভারত-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকব। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী; তাই আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে।”
পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে লিখেছেন, “আসন্ন সংসদ নির্বাচনে যদি বিএনপি দেশকে ভারত-পাকিস্তান ভাগে বিভক্ত করতে চায়, আমি পাকিস্তানের পক্ষে থাকব, ইনশাআল্লাহ। যদিও বিরোধিতা থাকবে, তবে আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা কয়েকজনের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে পারব। দুই-চার হাজার খলিল বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াস হোসাইন, পিনাকী বা কনক সরওয়ারকে মোকাবেলা করা সম্ভব নয়। পোস্টের ফলাফল ৯ সেপ্টেম্বর জানা যাবে, ইনশাআল্লাহ।”





