সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেওয়া ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা জামায়াত শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় ইজ্জত উল্লাহ বলেন, “মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পাহারা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে কেন পাহারার প্রয়োজন হবে? জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গঠন করতে চায় যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবে এবং শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।”
তিনি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে জামায়াত সম্প্রীতির প্রমাণ রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের আমীর মাও. মফিদুল্লাহ, ডা. আফতাব উদ্দীন, প্রফেসর আয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ।
এছাড়া সভায় তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, মুক্তিযোদ্ধা অমল ঘোষসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





