সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে একটি বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বরে প্রায় ১০ হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে র্যালিটি শুরু হয়। পরে এটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সময় উৎসবমুখর পরিবেশের মধ্যে পথচারী ও স্থানীয় মানুষেরা হাত নেড়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। র্যালিতে সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক যুক্ত হন। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় সজ্জিত মোটরসাইকেল বহর পুরো সময় শৃঙ্খলাপূর্ণ ছিল।
নেতাকর্মীদের উদ্দেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমাদের লক্ষ্য সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে রূপান্তরিত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে।”
তিনি আরও বলেন, “তরুণরাই আমাদের বৃহৎ শক্তি। তারা ইতোমধ্যেই পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার প্রকৃত জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করব।”
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর. মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোডাউনের পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। সদর জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, “আজকের শোডাউন প্রমাণ করেছে, সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।”