সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনের সম্মেলনে যোগ দিতে শনিবার সাংহাই পৌঁছান। এ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি বলেন, দিল্লি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত অচলাবস্থা দূর করার বিষয়ে একমত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোদি শিকে বলছেন, “আমরা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাই।”
মোদি বৈঠকে জানান, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। শি জিনপিং বলেন, চীন-ভারত সম্পর্ক স্থিতিশীল ও টেকসই হতে পারে যদি উভয় দেশ একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে দেখে।
এর আগে গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে সীমান্ত টহল নিয়ে সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ। এরপর থেকে দ্বিপক্ষীয় অচলাবস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও গতি পেয়েছে। ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের হুমকির মুখে নয়াদিল্লি এখন বিকল্প অবস্থান খুঁজছে।





