জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের অবস্থান দখল করেছে ঢাকা। শহরটিতে এখন বসবাস করছে ৩৬ দশমিক ৬ মিলিয়ন মানুষ। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১ দশমিক ৯ মিলিয়ন।


জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার বিষয়টি জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


২০০৯ সালে ঢাকার অবস্থান ছিল নবম। সেখান থেকে সাত ধাপ এগিয়ে শহরটি এখন দ্বিতীয় স্থানে। অন্যদিকে জাপানের রাজধানী টোকিও নেমে গেছে তৃতীয় স্থানে, যার বর্তমান জনসংখ্যা ৩৩ দশমিক ৪ মিলিয়ন।


প্রতিবেদনে ঢাকাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ শহরে পরিণত হতে পারে ঢাকা।


জাতিসংঘ জানায়, বর্তমানে পৃথিবীতে ১০ মিলিয়নের বেশি জনসংখ্যার মেগাসিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টিতে। শীর্ষ দশের মধ্যে নয়টি এশিয়ায়। এর মধ্যে ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই এবং ভারতের কলকাতার নাম উল্লেখযোগ্য।