খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছান। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০টি জিপ, পিকআপ ও সিএনজি অটোরিকশায় এসব পর্যটক সাজেক ভ্যালিতে ঘুরতে যান। তাদের ফেরার কথা ছিল শনিবার দুপুরের মধ্যেই। কিন্তু আকস্মিক সড়ক অবরোধ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে তারা সেখানে আটকে পড়েন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তত্ত্বাবধানে প্রথমে পর্যটকদের সাজেক থেকে দীঘিনালায় নামানো হয়। পরে রাতের পরিবেশ শান্ত হলে তারা খাগড়াছড়ির শাপলা চত্বরে পৌঁছান।
ময়মনসিংহ থেকে আসা পর্যটক ছাদেকুল ইসলাম বলেন, “খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতাম না। সকাল থেকে দীঘিনালায় আটকে ছিলাম। সেনাবাহিনীর সহায়তা ছাড়া ফিরতে পারতাম না।”
কক্সবাজারের পর্যটক মো. শরীফ হোসেন জানান, “শুক্রবার রাতেই অবরোধের খবর পাই। সকাল ১০টায় সাজেক ছাড়ি, কিন্তু দুপুর পর্যন্ত কিছু খেতেও পারিনি।”
শান্তি পরিবহনের কাউন্টার কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়, এবং সবাই নিরাপদে যাত্রা শুরু করেছেন।
স্থানীয় প্রশাসন জানায়, সেনাবাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।





