ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত তদন্ত ও বিচার এবং ক্যাম্পাস উন্নয়নে ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফায় অন্তর্ভুক্ত ১১০টি প্রস্তাবনার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রশিবির।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসন ভবন চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফী ও আন্তর্জাতিক সম্পাদক হাসানুল বান্না অলি।

মানববন্ধনে ইউসুব আলী অভিযোগ করেন, সাজিদের লাশ উদ্ধারের দেড় মাস পেরিয়ে গেলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। মামলা এখনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর না করে স্থগিত রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। আগামী দুই দিনের মধ্যে তদন্তকারীদের হাতে মামলা না দিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস অচল করার হুমকি দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, “শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে গত মাসে আমরা ২৪ দফায় ১১০টি প্রস্তাবনা দিয়েছিলাম। কিন্তু প্রশাসন তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। ইকসু গঠনে কমিটি হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”

প্রসঙ্গত, ছাত্রশিবিরের প্রস্তাবনাগুলোতে রয়েছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ, আবাসিক হল ও লাইব্রেরি সংস্কার, ভর্তি ও একাডেমিক কার্যক্রমে সংস্কার, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, ছাত্রকল্যাণ তহবিল গঠন, পরিবহন ও চিকিৎসা সেবার প্রসার, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়নসহ নানা দাবি।