শেয়ারবাজার থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
\r\nদুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
\r\nনিষেধাজ্ঞার তালিকায় সাকিব আল হাসান ছাড়াও রয়েছেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।
\r\nদুদক জানায়, এ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন এবং এই অর্থের উৎস বৈধ নয়। তদন্তকালে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
\r\nএ কারণে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত তা আমলে নিয়ে নিষেধাজ্ঞার আদেশ দেন।
\r\nএই কেলেঙ্কারির বিষয়ে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে অর্থ পাচার, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ যাচাই করা হচ্ছে।





