আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ও মাগুরা–১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকায় ও তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে বিনিয়োগ-সংক্রান্ত আইন লঙ্ঘন করে কারসাজি চালান এবং বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অর্থ গোপনে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। ওই মামলার অভিযোগের সূত্র ধরেই সাকিব আল হাসানকে তলব করা হয়েছে।
এর আগে শেয়ারবাজারে কারসাজি ও দুর্নীতির অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার সংশ্লিষ্ট ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি সাকিব আল হাসানকে দুদকের শুভেচ্ছাদূত করা হয়। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদক তদন্ত শুরু করে এবং পরবর্তীতে মামলাও দায়ের করে।





