জয়পুরহাট জেলা প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণের পরই মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা শুনেন।
সাংবাদিকরা জেলার সামগ্রিক উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: কৃষকদের সার প্রাপ্তি সমস্যা ও উচ্চ মূল্য, জয়পুরহাট শহরের রাস্তার যানজট, সড়ক দখল, সরকারি সার গুদামে স্বচ্ছতার অভাব।
জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়ন ও জনসেবার পথচলায় গণমাধ্যম আমাদের আয়না। আপনারা যে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেবেন, আমরা তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করব।” তিনি সার সংক্রান্ত ইস্যু সমাধানে জেলার সকল ইউএনওদের নির্দেশ দিয়েছেন।
মো: আল-মামুন মিয়া সেবামুখী প্রশাসন, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিস ব্যবস্থা, এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি সকল মতামত বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আশ্বাসও প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মো: নূরুল ইসলাম, সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





