অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যে আইন সাংবাদিকদের কলম থামিয়ে কন্ঠরোধ করে, তা বাতিলের প্রয়োজন রয়েছে। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হতে পারে।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কেবল আইন বাতিল করলেই হবে না, আগামী নতুন সরকারেরও নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসতে হবে। তিনি উল্লেখ করেন, আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের পরও যে ডিজিটাল নিরাপত্তা আইন চালু করা হয়, তা ছিল সবার সঙ্গে প্রতারণা।





