সক্রিয় রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের (ইসি) সাংবাদিক পরিচয়পত্র পাওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা মো. আশিক মাহমুদের বিরুদ্ধে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে তাকে এ কার্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ‘দৈনিক নাগরিক ভাবনা’ পত্রিকার প্রতিনিধি হিসেবে আশিক মাহমুদের নামে ইস্যু করা ইসির সাংবাদিক কার্ড। কার্ডে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরও রয়েছে। জানা যায়, আশিক নিজেই কার্ডটির ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। সমালোচনা শুরু হলে পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
সূত্র জানায়, আশিক মাহমুদ সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় তাকে। অন্যদিকে, ইসির নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহের কার্ড কেবল পেশাদার সাংবাদিকদের দেওয়ার বিধান রয়েছে। এ অবস্থায় একজন সক্রিয় রাজনৈতিক কর্মীর এমন পরিচয়পত্র পাওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
পেশাদার সাংবাদিকদের একটি অংশ বলছেন, স্বীকৃত সংবাদমাধ্যমের কর্মীদেরও যেখানে কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, সেখানে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কারও কার্ড পাওয়া যাচাই প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি করছে। তাদের মতে, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সাংবাদিক কার্ড থাকলে নির্বাচনের দিনে নিরপেক্ষ সংবাদ পরিবেশ বিঘ্নিত হতে পারে।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মো. আশিক মাহমুদ দাবি করেন, তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তার ভাষ্য, পেশাগত অবস্থান সম্পর্কে জানতে ‘দৈনিক নাগরিক ভাবনা’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।





