কক্সবাজারের টেকনাফে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানিকে নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃক আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিন সংবাদকর্মী - তানভীরুল মিরাজ রিপন,আব্দুর রশিদ মানিক ,আহনাফ হামিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্লে-কার্ড হাতে নিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্লে-কার্ডে লেখা ছিল— “সাংবাদিক ও সাংবাদিকতাকে সুরক্ষা দেওয়া সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য” এবং “Protecting Journalists and Journalism is a Hallmark of Good Governance”।

প্রতিবাদকারীরা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে আটক করা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ এবং গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। এতে শুধু একজন সাংবাদিক নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজের সত্য জানার অধিকার।

তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরাই তাদের মূল দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা আটক করা কখনোই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদকারীরা অবিলম্বে সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসময় তারা জানান, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।