পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে আবদুল গফুর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং চারজনকে আটক করেছে।


স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার গফুরের ছেলে আলম ও একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) মধ্যে টাকা ধার সংক্রান্ত বিরোধ হয়। ধার পরিশোধ না করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আলমের বাড়িতে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের ছেলে আলম ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।


সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”