বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাস হত্যার ঘটনার প্রেক্ষিতে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এসব ঘটনার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার আবেগের সম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

মিঠুন চক্রবর্তী বলেন, “বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।”

তিনি আরও বলেন, “সব কিছুরই একটা শেষ আছে—এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।”

ছায়ানট হামলা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ওপার বাংলার আরও বেশ কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্যে সহিংসতা পরিহার করে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।