মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার তারেক রহমান-এর উপস্থিতিতে তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকেই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পিএসও-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।





