ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। তামান্না সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।


নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই তামান্নার প্রচারণা বোর্ড ভাঙচুরের শিকার হয়। ২৬ আগস্ট নিজের ফেসবুক আইডিতে সেই ঘটনার ছবি শেয়ার করে তিনি লিখেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।” ছাত্র সমাজ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ।


এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।


মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে