ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা–কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার এক কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় এই মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।





