ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল কখনো অন্ধভাবে বিরোধিতা করবে না। তারা এমন বিরোধী দল হতে চায়, যারা দেশের স্বার্থে ভালো কাজগুলো সমর্থন করবে এবং ক্ষতিকর কাজের বিরুদ্ধে অবস্থান নেবে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সাম্প্রতিক যে নির্বাচন হয়েছে, তার ফলাফল দল মেনে নিয়েছে। তিনি অতীতের নির্বাচন বর্জনের সংস্কৃতিতে ফিরে যেতে চান না বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, অযৌক্তিকভাবে বিরোধিতা করে দেশের ক্ষতি করা ঠিক নয়। যে বিষয়গুলো সঠিক, সেগুলোর প্রতি সমর্থন দেওয়া হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে আগামী পাঁচ বছরে দেশ অনেক বদলে যেতে পারে। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে সবাইকে এর মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেন।
রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য নাজিল হয়েছে; এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য পথনির্দেশনা।
দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করা গেলে জাতীয় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





