২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, হজযাত্রীদের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। খরচের বিবরণ হলো:

প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

এর পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যার খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে এবং ১২ অক্টোবরের মধ্যে তা শেষ হবে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট ছাড়বে।

তিনি হজযাত্রীদের জন্য সতর্কতা ও পরামর্শ দিয়ে বলেন, ৭০ বছরের উপরের বয়স্কদের এবার হজে যাওয়া নিরুৎসাহিত করা হচ্ছে। তবু কেউ যেতে চাইলে সঙ্গে একজন সহযাত্রী থাকা বাধ্যতামূলক এবং সরকারি হাসপাতালের চিকিৎসকের অনুমোদন জমা দিতে হবে। গুরুতর অসুস্থ ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না।