পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই পাচ্ছেন ৮ থেকে ৯ কেজি, কোথাও কোথাও এর চেয়েও কম দেওয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা।
রবিবার সকালে গলাচিপা পৌরসভা কার্যালয়ের বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, খেটে খাওয়া ও দুস্থ অসহায় মানুষের দীর্ঘ সারি। বেশ কয়েকজন উপকারভোগী জানান, ডিজিটাল স্কেলে মেপে দেখা গেছে নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে।
একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৮ থেকে ৯ কেজি। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এক বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার মোগো ১০ কেজি চাউল দেয়, আর আমরা ৮ কেজি পাই কেন?”
তবে বিতরণ কাজে নিয়োজিত কর্মকর্তারা দাবি করেন, খাদ্য গুদাম থেকে সরবরাহ করা বস্তাগুলোতেই চাল কম ছিল। উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাও বলেন, গুদাম থেকে চাল বস্তা হিসেবে সরবরাহ করা হয়েছে, আলাদাভাবে মেপে দেওয়া হয়নি।
এদিকে ভিজিএফ কার্ড বিতরণ নিয়েও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, প্রকৃত খেটে খাওয়া দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবহিত করা হলে তিনি বলেন, ১০ কেজির বদলে কম চাল দেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।





