পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে অবৈধ ইলেকট্রনিক ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পটুয়াখালী পৌরসভার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) ভবনের ১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে মোসাঃ সুমাইয়া বেগম (২৫) নামের ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ‘VIP Pro Max’ নামের একটি ইলেকট্রনিক ডিভাইস এবং একটি সিম কার্ড জব্দ করা হয়।
আটক সুমাইয়া বেগম কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা মোঃ নূরুল ইসলাম (৬০)-এর মেয়ে। তিনি ওই কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হান। তিনি জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পটুয়াখালী জেলায় এবারের নিয়োগ পরীক্ষায় এটাই একমাত্র ঘটনা, যেখানে কোনো পরীক্ষার্থীকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।





