মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও সাইবার স্পেসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণ সংক্রান্ত সরকারি নির্দেশনা মানা বাধ্যতামূলক। নির্দেশনা না মানা হলে তা সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)” এবং “সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)” মেনে চলতে হবে।

মাউশি এই নির্দেশনা দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠিয়েছে।